চাঁদপুর জেলার মেঘনা নদী বিধৌত মতলব উত্তর উপজেলার প্রাণকেন্দ্র ছেংগারচর পৌরসভার মনোরম প্রাকৃতিক পরিবেশে ছেংগারচর সরকারি কলেজটি অবস্থিত। কলেজটি প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলের শিক্ষার্থীদের দূর্গম ও ঝুঁকিপূর্ণ নদী পাড়ি দিয়ে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং চাঁদপুর গিয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পড়াশুনা করতে হতো। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পরে এই অঞ্চলের কৃতি সন্তানগণ এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে ১৯৭৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠায় যাদের অবদান ছিলো তাদের মধ্যে অন্যতম হলেন প্রকৌশলী লোকমান আহমেদ, প্রকৌশলী সোলায়মান আহমেদ, আব্দুর রশিদ ভূঁইয়াা, আব্দুল মতিন, আলহাজ্ব মোশারফ হোসেন, মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মোঃ আমান উল্লাহ, গোলাম মর্তুজা খান এবং আলহাজ্ব ওয়ালী উল্লাহ দর্জি। তাদের সঙ্গে যারা সহযোগিতার উদার হস্ত সম্প্রসারিত করেছিলেন তারা হলেন, মিয়াজ উদ্দিন সরকার, অলিউল্যাহ সরকার, মোঃ মজিবুর রহমান, সিরাজুল ইসলাম ডিলার, মোঃ রফিকুল ইসলাম,বাদশা মিয়া মেম্বার, জাহাঙ্গীর মোঃ আদেল, ডাক্তার নুরুল আবেদীন, মুক্তিযোদ্ধা আব্দুল হক এবং আব্দুল ওহাব দর্জি। তাছাড়া এলাকার সাধারণ জনগণ, তরুণ সমাজ, ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কলেজটিকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য নানাভাবে সহযোগিতা করেছেন। ২০১৮ সালে কলেজটি ছেংগারচর সরকারি কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।



